ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ পঞ্চগড়ে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্ত্বর থেকে এ উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিধান পরিচালিত হয়।
এসময় র্যালিতে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ, নার্স সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এসময় সিভিল সার্জন ডা মিজানুর রহমান বলেন, প্রতিদিনের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ঘোষণা চলবে যাতে করে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে কাজ করে জেলা স্বাস্থ্য বিভাগ। আমরা গত দুই বছরে তিন শতাধিক রোগী পেয়েছি ডেঙ্গু রোগে তাদের কেউ পঞ্চগড়ের নয় বাইরে থেকে আক্রান্ত হয়ে এসেছে। আমরা সর্বোচ্চ দিয়ে তাদের সেবা করেছি। সবাই সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। আগামীতেও নিজেদের সর্বোচ্চ দিয়ে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাবে।